জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UN Tourism)-এর অ্যাফিলিয়েট সদস্য ইন্টারন্যাশনাল কমিটি অব ট্যুরিজম ফিল্ম ফেস্টিভ্যালস (CIFFT)-এর এশিয়া অঞ্চলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের পর্যটন ব্যক্তিত্ব মোহাম্মদ জহিরুল ইসলাম, যিনি ডাল্টন জহির নামে পরিচিত।
অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত CIFFT-এর পক্ষ থেকে গত ২৩ জুন ২০২৬ এ নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এই নিয়োগের মাধ্যমে এশিয়া অঞ্চলে পর্যটন ও অডিওভিজ্যুয়াল মিডিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন ডাল্টন জহির।
CIFFT-এর এশিয়া রাষ্ট্রদূত হিসেবে তাঁর দায়িত্বের মধ্যে রয়েছে এশিয়াজুড়ে CIFFT ও World Tourism Film Awards-এর আন্তর্জাতিক উদ্যোগ প্রচার, বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, সরকারি প্রতিষ্ঠান, অডিওভিজ্যুয়াল প্রোডাকশন হাউস, ক্রিয়েটিভ এজেন্সি ও মিডিয়া অংশীদারদের সঙ্গে কৌশলগত যোগাযোগ স্থাপন এবং এশিয়ার পর্যটনকেন্দ্র ও পণ্য-সেবার ভিডিও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে সহায়তা করা।
CIFFT-এর পরিচালক আলেকজান্ডার ভি. কামেল বলেন, ডাল্টন জহিরের এই নিয়োগের মাধ্যমে এশিয়া অঞ্চলে CIFFT-এর উপস্থিতি আরও বাড়বে এবং পর্যটন প্রচারণায় সংশ্লিষ্ট পেশাজীবী ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে।
ডাল্টন জহিরের পর্যটন, আতিথেয়তা, মিডিয়া ও বহুজাতিক করপোরেট খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি লেখক হিসেবেও পরিচিত এবং সাহিত্য, কবিতা ও সমসাময়িক বিষয় নিয়ে তাঁর পাঁচটি বই প্রকাশিত হয়েছে। পাশাপাশি Travellerkey, Europekey, TravellerTimes ও Welcome Bangladesh-এর মতো ট্রাভেল ও মিডিয়া প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও সিইও তিনি।
তিনি Tourism Developers Association of Bangladesh (TDAB)-এর পরিচালক, International Ecotourism Society Philippines-এর সভাপতি এবং Skål International Argentina-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া ব্র্যাক সার্ভিসেস লিমিটেডের (ব্র্যাক হোটেল গ্রুপ) গ্রুপ হেড অব সেলস অ্যান্ড মার্কেটিংসহ বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত CIFFT বিশ্বের শীর্ষস্থানীয় পর্যটন চলচ্চিত্র উৎসবগুলোকে নিয়ে আন্তর্জাতিক CIFFT Circuit পরিচালনা করে। বিভিন্ন উৎসবে অর্জিত পয়েন্টের ভিত্তিতে প্রতিবছর বিশ্বের সেরা পর্যটন চলচ্চিত্র নির্বাচন এবং World Tourism Film Awards প্রদান করা হয়।
এশিয়া অঞ্চলের রাষ্ট্রদূত হিসেবে ডাল্টন জহির এখন এশিয়ার বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, সরকারি প্রতিষ্ঠান, ক্রিয়েটিভ এজেন্সি ও মিডিয়া অংশীদারদের সঙ্গে কাজ করবেন। তাঁর এই দায়িত্বের মাধ্যমে বাংলাদেশের পর্যটন ও ভিজ্যুয়াল ব্র্যান্ডিং আন্তর্জাতিক পর্যায়ে আরও তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।