হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (১৮ এপ্রিল) সমুদ্র নিরাপত্তা ও শিপিং সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
এর মধ্যে অন্তত একটি ট্যাংকারে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোট থেকে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংস্থা ইউকেএমটিও।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি ট্যাংকার লক্ষ্য করে আইআরজিসির দুটি গানবোট থেকে গুলি চালানো হয়। তবে হামলায় ট্যাংকার ও এর ক্রু সদস্যরা অক্ষত ও নিরাপদ রয়েছেন। হামলার ফলে জাহাজের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা এর প্রভাব কতটুকু, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।
উল্লেখ্য, গতকালই ইরান হরমুজ প্রণালি ‘উন্মুক্ত’ করার ঘোষণা দিয়েছিল। কিন্তু আজ শনিবার সকাল থেকে আবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নেয় আইআরজিসি এবং নতুন করে কিছু শর্তারোপ করে।