ভারতের রাজধানী নয়াদিল্লির সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সেখানে জাতীয় পতাকা হাতে তরুণদের নিয়ে জড়ো হওয়ার কথা ছিল তার। দীপকেকে আটকের প্রায় এক ঘণ্টার মধ্যে ছাত্রনেত্রী নেহা বোরাকেও আটক করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নেহা বোরা মান্দি হাউস সার্কেল থেকে জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে সেন্ট্রাল পার্কের দিকে যাচ্ছিলেন। এ সময় তাকে আটক করে পুলিশ।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন ককরোচ পার্টির তরুণ সমর্থকরা। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সুবিধা দিতে ভোটার তালিকা থেকে কয়েক কোটি মানুষের নাম বাদ দিয়েছেন জ্ঞানেশ কুমার।
আন্দোলনকারীদের দাবি, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে প্রায় ৭০ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পরপরই তাদের নাম আবার তালিকায় যুক্ত করা হয়।
ককরোচ পার্টির দুই সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তার এবং তাদের বিচারিক হেফাজতে পাঠানোর প্রতিবাদে শুক্রবার সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি নেওয়া হয়েছিল।
গত ১০ অক্টোবর যন্তরমন্তরে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ককরোচ পার্টি। তবে সেদিন পুলিশ কাউকে সেখানে যেতে দেয়নি। একই দিন অভিজিৎ, আশুতোষ ও সৌরভকেও আটক করা হয়। পরদিন তারা মুক্তি পান।
এরপর ১৩ অক্টোবর যন্তরমন্তরে গিয়ে জাতীয় পতাকা ওড়ান আশুতোষ ও সৌরভ। এ সময় তাদের গ্রেপ্তার করা হয় এবং পরে পাঁচ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়। তাদের গ্রেপ্তারের প্রতিবাদেই নতুন করে পতাকা ওড়ানোর কর্মসূচি ঘোষণা করেছিল দলটি।
সূত্র : হিন্দুস্তান টাইমস