বাংলাদেশের ওয়েলনেস খাত ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে থাইল্যান্ডের জেনেসেন গ্রুপ (GENESENN Group) এবং বাংলাদেশের রিজুভা ওয়েলনেস (Rejuva Wellness)। ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগের কথা জানানো হয় এবং একই অনুষ্ঠানে ‘জেনেসেন কর্নার’ উদ্বোধন করা হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এর আগে দুই প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে এই সহযোগিতা বাস্তবায়িত হচ্ছে। এতে থাইল্যান্ডের স্বাস্থ্যসেবা খাতের অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের স্থানীয় প্রয়োজন ও সক্ষমতার সমন্বয় ঘটানো হবে। শুরুতে স্বাস্থ্য শিক্ষা, পারস্পরিক জ্ঞান বিনিময়, প্রশিক্ষণ এবং দায়িত্বশীল স্বাস্থ্যসেবা প্রসারে অগ্রাধিকার দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জেনেসেন গ্রুপের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক ডা. এ. কে. এম. হরিয়ার সহযোগিতার সম্ভাব্য দিকগুলো উপস্থাপন করেন। রিজুভা ওয়েলনেসের প্রতিষ্ঠাতা ডা. তৌহিদা রহমান বলেন, নারী, শিশু ও সাধারণ কমিউনিটির জন্য সহজলভ্য স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করা জরুরি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. এন. এ. সান্তো স্থানীয় সক্ষমতা বাড়ানো এবং স্বাস্থ্যসেবায় উদ্ভাবন ও মান উন্নয়নে এই অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও মূল বক্তা জেনেসেন গ্রুপের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ওহম সুদচুম্ফে (Dr. Ohm Sudchumphae) প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং প্রমাণভিত্তিক সিদ্ধান্তের ওপর জোর দেন।
আয়োজকরা জানান, এই অংশীদারত্বের আওতায় দেশব্যাপী টেকসই কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চিকিৎসকদের প্রশিক্ষণ, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং যৌথ গবেষণা অন্তর্ভুক্ত থাকবে। এ উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করা হয়।