বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটের কর্মসূচি এড়িয়ে সার্কিট হাউজে এনসিপি নেতারা জগন্নাথপুরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রস্তুতিমূলক সভা গোলাপগঞ্জ ছাত্রদলের বিবৃতি: - এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততা নেই জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান গোলাপগঞ্জে গাড়িতে হামলার অভিযোগ এনসিপি নেতা সারজিস আলমের পরিবেশ রক্ষায় অবদানের জন্য বিয়ানীবাজারের নাসির উদ্দিন সংবর্ধিত এক রাতে নিভে গেল ৩ প্রাণ ওয়াইলি পার্কে ভস্মীভূত গ্র্যানি ফ্ল্যাট বিয়ানীবাজার কামিল মাদ্রাসা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন মোদির আমন্ত্রণের পর তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত
advertisement
সিলেট বিভাগ

জামায়াতকে রিজভীর প্রশ্ন

একাত্তরে আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভূমিকা কী ছিল, কোন সেক্টরে যুদ্ধ করেছেন তা জাতি জানতে চায়। আপনারা কোন সেক্টর কোন কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন? প্রশ্ন করেন তিনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানকালে তিনি এ বক্তব্য দেন।


সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য ‘দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি, একটি সেনাবাহিনী, আরেকটি জামায়াত’-এর পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘একটি রাজনৈতিক দল বলেছে দেশপ্রেমিক তারা এবং সেনাবাহিনী। সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে। কারণ তাদের পূর্বসূরিরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তার অন্যতম মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ২৪-এর গণঅভ্যুত্থানেও সেনাবাহিনী উজ্জ্বল ভূমিকা রেখেছে।’

তিনি বলেন, ‘আমি ইসলামপন্থি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ৭১-এ আপনাদের রাজনৈতিক ভূমিকা কী ছিল? কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক– এ ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না।’

রিজভী বলেন, ‘এই জাতির ঘাড়ে একটি জগদ্দল পাথর চেপে বসেছিল। এই পাথর এত ভারী যে গোটা জাতিকে রুদ্ধশ্বাস অবস্থায় রেখেছিল। মানুষ নিশ্বাস নিতে পারতো না। মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতো না। রাজনৈতিক দল ও তার কণ্ঠের স্বাধীনতা ছিল না। মিছিল করতে পারতো না, মিটিং করতে পারতো না। পুলিশ অনুমতি দেওয়ার পর যুবলীগ-ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হতো।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ, র‌্যাব বিনা কারণে বিনা ওয়ারেন্টে রাতে বাসায় গিয়ে পরিবারের নারীদের সঙ্গে খারাপ ব্যবহার করতো। যাকে খুঁজতে গিয়েছে তাকে না পেলে পরিবারের মেয়েদের পর্যন্ত গ্রেফতার করে নিয়ে এসেছে।’

‘শেখ হাসিনা নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য, কণ্টকমুক্ত থাকার জন্য—যে বাংলাদেশে ৩০ লাখ মানুষ অকাতরে জীবন দিয়েছে, দুই লাখ নারী নির্যাতিত হয়েছে, এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা কলঙ্কিত করেছে শেখ হাসিনা। সিলেটের কৃতী সন্তান ইলিয়াস আলী আজ নেই কেন? শেখ হাসিনার জন্য। কারণ ইলিয়াস আলী দেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তিনি টিপাইমুখ বাঁধ অভিমুখে লংমার্চ করেছিলেন। মানুষ বলে এজন্য তাকে নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে। কত যুবদল, ছাত্রদলের ছেলে ক্রসফায়ারের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, তার ইয়ত্তা নেই। এই ভয়ংকর মানবতাহীন কাজ করেছেন সাড়ে ১৫ বছর শেখ হাসিনা।’

তিনি আরও বলেন, এখন আমরা খবরের কাগজে দেখতে পারছি জুলাই-আগস্ট হত্যার বিচার এক বছরের মধ্যে সম্পন্ন হবে। ড. ইউনূসের প্রতি আমাদের সবার শ্রদ্ধা আছে, এই সরকার তো সর্বজনীন, গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার।’

তিনি বলেন, ‘শুধু জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, শুধু সেসব অপরাধের বিচার হবে, ইলিয়াস আলীর বিচার হবে না? চৌধুরী আলমের বিচার হবে না? সাড়ে ১৫ বছর যারা ক্রসফায়ারের শিকার হয়েছেন, তাদের বিচার করবেন না? যারা ক্রসফায়ার দিয়েছেন, শীতলক্ষ্যা নদীতে সাতটি লাশ ভাসিয়ে দিয়েছেন, সেসব দুর্বৃত্ত র‌্যাবের অফিসারদের বিচার হবে না? যে অপরাধ করেছে শেখ হাসিনা, যে কসাইয়ের ভূমিকা পালন করেছে, তার বিচার হবে না?’

জুলাই-আগস্টে আত্মদানকারী ছাত্র-জনতার অবদানকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘তাদের যেমন বিচার হবে, তেমনি গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, নিরুদ্দেশ হয়ে গেছেন, তাদের কেন বিচার হবে না? হওয়া উচিত। এভাবে বিভাজন রেখা টানলে তা দুঃখজনক।’

তিনি বলেন, ‘স্কুলে পাঠ্যবই সম্পূর্ণ সরবরাহ করা যায়নি, সেটি ভিন্ন ব্যাপার। কিন্তু সেখানে ইতিহাসের বইয়ে তারা কিছু কাজ করেছেন, প্রকৃত ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে এই জাতির বিবেকবানদের জন্য যে অধ্যায় করা হয়েছে, তাতে আমরা দ্বিমত করছি না। সেখানে শেরেবাংলা একে ফজলুল হক, মজলুম জননেতা মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কথা বলা হয়েছে। কিন্তু স্বাধীনতার ঘোষণা থেকে মুক্তিযুদ্ধের অধ্যায় রাখা হলো না কেন?’

রিজভী আরও বলেন, ‘জিয়াউর রহমান তো শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে শেষ হয়ে যাননি, যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধের অধ্যায় থাকবে না কেন? যারা প্রবাসী সরকার হয়েছিল, সেটা থাকবে, সেটার সঙ্গে মুক্তিযুদ্ধের একটা অধ্যায় থাকতে হবে। যতটুকু হয়েছে তার জন্য ধন্যবাদ জানাই, কিন্তু অসম্পূর্ণ থাকবে কেন?’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ একটি বড় ধরনের ঘটনা, শেখ মুজিবুর রহমান স্বাধিকারের আন্দোলন করেছেন, সেটিতে স্বাধীনতার জন্য একটি মাঠ প্রস্তুত হয়েছে, কিন্তু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে কোনও বিশেষ ঘোষণা বা প্রস্তুতির কথা বলেননি। সেই আহ্বান তার নেই। প্রকৃত সত্য হচ্ছে যুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান এবং যুদ্ধ হয়েছে ৯ মাস। সেই অধ্যায়টি রাখা হয়নি। আমি সরকারকে অনুরোধ করবো, স্বাধীনতা সংগ্রাম নিয়ে পূর্ণাঙ্গ ইতিহাস হওয়া উচিত।’

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও কাতার বিএনপির সভাপতি শরিফুল হক সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আশরাফ হোসেন বকুল, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী ও এম. নাসের রহমান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।  

এই সম্পর্কিত আরো

কানাইঘাটের কর্মসূচি এড়িয়ে সার্কিট হাউজে এনসিপি নেতারা

জগন্নাথপুরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রস্তুতিমূলক সভা

গোলাপগঞ্জ ছাত্রদলের বিবৃতি: এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততা নেই

জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

গোলাপগঞ্জে গাড়িতে হামলার অভিযোগ এনসিপি নেতা সারজিস আলমের

পরিবেশ রক্ষায় অবদানের জন্য বিয়ানীবাজারের নাসির উদ্দিন সংবর্ধিত

এক রাতে নিভে গেল ৩ প্রাণ ওয়াইলি পার্কে ভস্মীভূত গ্র্যানি ফ্ল্যাট

বিয়ানীবাজার কামিল মাদ্রাসা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

মোদির আমন্ত্রণের পর তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত