হাওরের ফসলরক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে হাওর বাঁচাও আন্দোলন। সমাবেশ শেষে সাত দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় আয়োজিত সমাবেশে জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ কৃষকরা অংশ নেন। এ সময় ফসলের বীমার দাবিও জানানো হয়।
সমাবেশে ফসলরক্ষা বাঁধের প্রি-ওয়ার্ক ও পোস্ট-ওয়ার্কে দুর্নীতি, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, অক্ষত প্রকল্পে বিপুল পরিমাণ বরাদ্দ প্রদান, জেলা প্রশাসন ও পাউবোর স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়মের অভিযোগ তুলে সেগুলোর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সমাবেশে হাওর বাঁচাও আন্দোলনের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপজেলা ভিত্তিক ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির সরেজমিন চিত্র তুলে ধরেন।
সমাবেশ শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মে জড়িত এবং নীতিমালাবিরোধী কাজ অনুমোদনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কাবিটা নীতিমালা মানতে কর্তৃপক্ষকে বাধ্য করা, বাঁধ নির্মাণ কাজে প্রকৃত কৃষকদের সম্পৃক্ত করা, প্রকল্পের প্রি-ওয়ার্ক ও পোস্ট-ওয়ার্কে দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবি।
এ সময় বক্তারা বলেন, ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। হাওরের ফসল শুধু কৃষকের সম্পদ নয়, এটি জাতীয় খাদ্য নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই সম্পদ নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
সমাবেশে বক্তব্য রাখেন— হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, কুদরত পাশা, আবু সাঈদ প্রমুখ।