মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বালু পরিবহনে ব্যবহৃত ৪টি ট্রাক জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার রানীবাজার এলাকায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মহাবিল থেকে চৈত্রঘাট পর্যন্ত প্রায় শতাধিক স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছে—এমন অসংখ্য অভিযোগ টেলিফোনের মাধ্যমে প্রশাসনের কাছে আসে। এর প্রেক্ষিতে রানীবাজার এলাকায় ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের প্রমাণ পাওয়ায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে তাৎক্ষণিকভাবে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া বালু বোঝাই ৪টি ট্রাক জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, অবৈধভাবে যারা বালু উত্তোলন করছেন, তাদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় প্রতিটি স্পটে আমাদের নজরদারি রয়েছে। এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এদিকে, প্রশাসনের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও রাস্তাঘাটের ক্ষতি করছিল। নিয়মিত এমন অভিযান চললে অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।