বিশ্বনাথে এক বীরচিত সংবর্ধনা প্রদান করা হবে দেশসেরা স্বর্ণজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় আব্দুল জাহির তানভীর কে।
শনিবার (১১ এপ্রিল ) বিকেল ৩টায় বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
বিশ্বনাথ উপজেলা পরিষদ ও বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর। প্রসঙ্গত বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামে ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন ব্যাডমিন্টনে জাতীয় চ্যাম্পিয়ন আব্দুল জাহির তানভীর। মদনমোহন বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি সম্পন্নকারী তানভীর ২০১৬ সালে ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাতীয় দলে যোগ দেন। কঠোর পরিশ্রম ও নিরলস প্রচেষ্টায় মাত্র চার বছরের মাথায় ২০২০ সালে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ডাবলসে রানার্স আপ, ২০২৩ সালে চ্যাম্পিয়ন হন এবং ২০২৪ সালে আবারও জাতীয় রানার্স আপ হন।
২০২৫ সালে ২২ দেশের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত ইউনেক্স সানরাইজ বাংলাদেশ ইন্টারণ্যাশনাল সিরিজ-২ নামক আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ডাবলসে ১ম বাংলাদেশী হিসেবে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক অর্জন করেন তানভীর। তার পার্টনার ছিল সিলেটের গৌরব সিং। বাংলাদেশ ব্যাডমিন্টনে কোন ইন্টারন্যাশনাল সিরিজ টুর্নামেন্টে আন্তর্জাতিকভাবে প্রথম স্বর্ণ এনে দেন এ দুজন। প্রতিভাবান এই খেলোয়াড়কে জাতীয় ক্রীড়া পরিষদ সম্মাননা ও ক্রীড়া কার্ড প্রদান করে।
গত ৩০ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে বিশ্বনাথের তানভীর আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার অর্জন করে। এ উপলক্ষে তার জন্মভূমি বিশ্বনাথে আগামীকাল এই সংবর্ধনা প্রদান করা হবে।