জকিগঞ্জে জনসেবামূলক কার্যক্রমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বালাউট ছাহেব বাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বালাউট ছাহেব বাড়িস্থ ‘বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা’ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে দুই সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস-এর উদ্যোগে এবং ইনক্লুসিভ আই হাসপাতাল (সাবেক সিলেট আধুনিক চক্ষু হাসপাতাল)- এর সার্বিক সহযোগিতায় পরিচালিত এ ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়, যা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
আয়োজক সংগঠন আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস-এর উপদেষ্টা মাওলানা মো: মাশুকুর রহমান ছাহেবজাদায়ে বালাউটির বক্তব্য থেকে জানা যায়, ক্যাম্পে আগত রোগীদের মধ্য থেকে ছানি অপারেশনের জন্য ২০৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদেরকে পর্যায়ক্রমে হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশনের ব্যবস্থা করা হবে। এছাড়া অপারেশনপ্রাপ্ত রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া- দুপুর ও রাতের খাবার এবং পরদিন সকালের নাস্তার ব্যবস্থাও রাখা হয়েছে, যা একটি মানবিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এছাড়া রোগীদের মধ্যে বিনামূল্যে কালো চশমা ও দুই মাসের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়, ফলে চিকিৎসাসেবা আরও কার্যকর ও ফলপ্রসূ হয়ে ওঠে।
এ মহতী উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করে সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজার। ক্যাম্প পরিদর্শনকালে অতিথিরা আয়োজকদের এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় আখ্যায়িত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশন বিয়ানীবাজারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামাল আহমদ, সেক্রেটারি মো. আনিসুর রহমান, বালাউট দারুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ রশিদ বাহাদুর, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ হোসেন আইমান, মাওলানা আব্দুল হালিম, প্রবাসী নেতা সুলাইমান আহমদ, হাফিজ জসিম উদ্দিন, হাফিজ আনসার আহমদ, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আব্দুল ওয়াহিদ আহমদ, সাদেকুর রহমান, বাহার আহমদ প্রমুখ।