জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।
রোববার (৫ এপ্রিল) বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দীর্ঘ ৯ মাস প্রায় ৩০টি রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি হয়েছিল। আজ সেই সনদ বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে। নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এদেশের ৬৯ ভাগ মানুষ সংস্কার ও জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। জনগণের স্পষ্ট ম্যান্ডেট থাকার পরও সরকার এটি বাস্তবায়নে গড়িমসি করছে।"
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি প্রয়োজন হয়, তবে বাংলাদেশে আরেকটি জুলাই বিপ্লব হবে। রাজপথ আবারও উত্তপ্ত হবে, তবুও শহীদদের রক্তে ভেজা এই সনদ আদায় করা হবে। যারা জুলাইয়ের শহীদদের অবমাননা করে জুলাই সনদ বাদ দিতে চাচ্ছে, এদেশের জনগণ তাদের প্রত্যেকটি স্বপ্নকে দুঃস্বপ্নে রূপান্তর করবে।" তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বিদায় করা হয়েছে, গাদ্দারি করলে বর্তমান সরকারকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে।
সিলেট মহানগর শিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য শহীদুল ইসলাম সাজুর সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রশিবির নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে শহীদুল ইসলাম সাজু বলেন, "সরকার গঠনের আগে গণভোটের পক্ষে থাকলেও এখন তারা জনগণের রায়ের সাথে মুনাফেকি করছে। একেক মন্ত্রী একেক রকম কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন। আপনারা এখন সংবিধানের দোহাই দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন—সংবিধান মেনে জুলাই বিপ্লব হয়নি, সংবিধান মেনে দুই হাজার মানুষ শহীদ হয়নি। যখন ছাত্রজনতা রাজপথে প্রাণ দিচ্ছিল, তখন আপনারা গেস্ট হাউজে বসে ভিডিও দেখছিলেন। জনগণের রায় মেনে রাষ্ট্র পরিচালনা করুন, অন্যথায় আপনাদের পরিণতিও ভালো হবে না।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের এবং মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদসহ সিলেট মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
সমাবেশ শেষে নেতারা অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ছাত্রজনতার ত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।