সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরের বাঁধ কেটে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ডাকুয়ার হাওরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগাঁও, গোরেরগাঁও, কান্দাগাঁও ও উলুতুলু গ্রামের শতাধিক লোকজন বাঁধ কাটায় অংশ নেন বলে অভিযোগ রয়েছে। এতে করে ডাকুয়ার হাওর প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা কৃষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
ঘটনার আগে শনিবার সকালে মোহনপুর ও নোয়াগাঁও এলাকার লোকজনকে নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমারের সভাপতিত্বে হাওরের বাঁধ রক্ষায় একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিস্থিতি সমাধানে একটি কমিটিও গঠন করা হয়।
তবে সভা চলাকালীন সময়েই এক পক্ষ প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে জোরপূর্বক বাঁধ কেটে দেয় বলে অভিযোগ ওঠে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং অন্তত ২০ জন আহত হন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার জানান, প্রশাসনের নির্দেশনা অমান্য করে বাঁধ কাটা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।