শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে স্কাউট সমাবেশের উদ্বোধন করলেন ইউএনও, তাবু জলসায় আসছেন এমপি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিয়ানীবাজারে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ১৬তম স্কাউট সমাবেশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে ৫ দিনব্যাপী এই মিলনমেলার আনুষ্ঠানিক সূচনা হয়। দীর্ঘ কয়েক বছর পর আয়োজিত এই সমাবেশকে ঘিরে স্থানীয় স্কাউট সদস্যদের মাঝে বইছে উৎসবের আমেজ।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সমাবেশের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, স্কাউটিং একজন শিক্ষার্থীকে সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করে। পড়ালেখার পাশাপাশি এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক।

​অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোস্তফা উদ্দিন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কুদ্দুছ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্র নাথ সরকার ও একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, উপজেলা স্কাউট কমিশনার আবুল হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সচিব অসীম কান্তি তালুকদার, স্কাউটের সহকারী চীফ আবু তাহের ও রত্মময় দাস, বিয়ানীবাজার প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী সহ আরো অনেকে।

এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা উপস্থিত স্কাউট শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন স্টল পরিদর্শন করে উৎসাহ প্রদান করেন।

​এবারের সমাবেশে উপজেলার মোট ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে। ৫ দিনব্যাপী এই আয়োজনে স্কাউটরা তাবু বাস, শরীরচর্চা, বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেবে।

দায়িত্বশীলরা জানান প্রাথমিক পর্যায় থেকেই স্কাউটিং বা কাব স্কাউটিংয়ের সাথে যুক্ত থাকলে শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। এই সমাবেশ সেই প্রতিভাকে আরও শাণিত করার একটি বড় সুযোগ।

​আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ৫ মে রোববার সন্ধ্যায় সমাবেশের অন্যতম আকর্ষণ 'তাবু জলসা' অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী। স্কাউটদের এই মিলনমেলা আগামী সোমবার সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

এই সম্পর্কিত আরো