সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর জেলা প্রশাসন ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সোমবার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া স্বাক্ষরিত আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিৎ কুমার চন্দ্রকে আহ্বায়ক ও জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর মনোনীত প্রতিনিধিকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আরও রয়েছেন—সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ সুপারের মনোনীত প্রতিনিধি, সিভিল সার্জনের মনোনীত প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিলেট বিভাগের উপ-পরিচালকের মনোনীত প্রতিনিধি এবং জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক।
কমিটিকে অগ্নিকাণ্ডের প্রকৃত উৎস ও কারণ উদঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং দ্রুত সময়ে জেলা প্রশাসকের নিকট প্রতিবেদনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার রাত ১১টায় ঘটেছিল এই আগুনের ঘটনা, যা কিছু দোকান পুড়ে ছাই হয়ে যায়।