সিলেটের কানাইঘাট উপজেলার বড়দেশ ও বীরদল হাওর এলাকায় আতঙ্ক সৃষ্টি করা জাকারিয়া উদ্দিন (৪৮) কে গ্রেফতার করেছে থানার পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কায়স্তগ্রামস্থ কুদরতের দোকানের পাশে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
জানা যায়, জাকারিয়া তার সহযোগীদের নিয়ে গত ১৪ মার্চ বড়দেশ উত্তর নয়াগ্রামের দুবাই প্রবাসী আব্দুল হাই’র মালিকানাধীন এমএএইচ ফিসারিজ এন্ড এগ্রো ফার্ম থেকে জাল দিয়ে লক্ষাধিক টাকার মাছ আটক করে। এছাড়া খামারের পাড়ে রোপিত অর্ধশতাধিক ফলজ গাছ কেটে ফেলে এবং খামারের শ্রমিকদের মারধর করে। এর আগে ২৬ মার্চ সকালে দেশীয় ধারালো অস্ত্রসহ জাকারিয়া ও তার সহযোগীরা গরুর খামার থেকে প্রায় ২ লাখ টাকার ৩টি গরু নিয়ে যায়।
পরের দিন প্রবাসী আব্দুল হাই’র ছেলে জাহিদুল হক বাদী হয়ে জাকারিয়া সহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করে পুলিশ অভিযান পরিচালনা করে।
স্থানীয়রা জানিয়েছেন, জাকারিয়া এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন এবং তার গ্রেফতারের পর এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই দুর্গা কুমার দাস বলেন, “মামলার প্রেক্ষিতে জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্ত করা হচ্ছে।”