সিলেট মহানগরীর জালালাবাদ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মালামাল ভর্তি পিকআপটি ফেলে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৩০ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মনজুরুল আলম।
পুলিশ জানায়, গত রবিবার (২৯ মার্চ) দুপুরে জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্টের হাজী সুন্দর আলী জামে মসজিদের সামনে একটি নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। এসময় একটি সন্দেহভাজন পিকআপকে (ঢাকা মেট্রো-ন-২৩-৩৬৯৪) থামার জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু চালক পুলিশের সংকেত অমান্য করে গাড়িটি রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিত্যক্ত পিকআপটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে: ২৬৪০ পিস ভারতীয় ফেসওয়াশ, ১০০৮ বক্স প্যারাসিটামল ট্যাবলেট, ১৫ বস্তা ধানের তুষ
পুলিশের দেওয়া তথ্যমতে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩ হাজার ৯০০ টাকা।
উপ-পুলিশ কমিশনার মনজুরুল আলম জানান, এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া চালকসহ চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা এসব পণ্য চোরাচালান রোধে সিলেট মহানগর পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।