সিলেট বিভাগের ৩ জেলাসহ দেশের নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের -এর বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজধানীর গুলশান এলাকায় অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সোমবার (৩০ মার্চ) রাত ৮টায় এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হবে। এতে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
গত ১৫ মার্চ সরকার দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব প্রশাসকের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নিয়োগের পর এটিই তাদের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসক জানান, বৈঠকে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা, দলীয় নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয় জোরদারের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হতে পারে। এছাড়া দলীয় কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর বিষয়ও আলোচনায় আসবে।
তিনি আরও জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ১৫ মার্চ সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। একইভাবে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান এবং মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান।