সিলেটে পৃথক অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রোববার নগরের শাহী ঈদগাহ, কদমতলী ও তামাবিল সড়কের পীরের বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কমদলী থেকে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: দক্ষিণ সুরমা থানা পুলিশের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে কদমতলীস্থ আনন্দ বিপনী মার্কেটের সামনে থেকে ২১ পিস ইয়াবাসহ মো. আশরাফ আলীকে (৩৩) গ্রেপ্তার হয়।
অপর আরেক অভিযানে রবিবার (২৯ মার্চ) রাত রাত ২টার দিকে কদমতলী এলাকার বালুর মাঠস্থ ‘আলী বিকাশ’ নামীয় দোকানের সামনা থেকে ১৫ পিস ইয়াবাসহ মো. শাকিল আহমদ ওরফে সৌখিনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
আশরাফ আলী দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা এলাকার বশর মিয়া ও রবনা বেগমের ছেলে। আর সৌখিন কদমতলী স্বর্ণশিখা-১৩৭, পূর্ব বাড়ীর মো. রফিক মিয়া ও ফুলকি বেগমের ছেলে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১২/২৯/০৩/২৬) দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।
শাহী ঈদগাহ থেকে গ্রেপ্তার ৩ : নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, জুয়া খেলার সময় হাতেনাতে তাদের ধরা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বিকালে এ তথ্য জানায় সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার (২৮ মার্চ) রাত সোয়া ১০টার দিকে শাহী ঈদগাহর সৈয়দপুর হাউজের সামনের ফুটপাত থেকে তীর-শিলং জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন, এয়ারপোর্ট থানার শাহী ঈদগাহ লালটিলা এলাকার আব্দুল মজিদ ও জায়েদা বেগমের ছেলে শিবলু আহমদ ছামির (২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ফান্দাউক এলাকার মৃত রফিক মিয়ার ছেলে, বর্তমানের লালটিলার বাসিন্দা আল আমিন (২৫) ও শাহপরাণ থানার শিবগঞ্জ এলাকার মৃত উমুদ দেবনাথের ছেলে সুকান্ত দেবনাথ (৩৫)।
তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা (নং ১৪৯/২৯/৩/২৬) দায়ের করে তিনজনকেই আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।
পীরের বাজার থেকে মদসহ যুবক গ্রেপ্তার: এদিকে শনিবার সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরাণ (রহঃ) থানাধীন পীরেরবাজারের ফ্যান্টাসি ফিটনেস ক্লাবের পেছনে এবং আতিক কনভেনশন হলের পূর্বে খালি জায়গায় অভিযান পরিচালনা করে ৭ বোতল ভারতীয় মদসহ রাশেদ আহমদ (২৬) নামে একজনকে আটক করে।
এ ঘটনার বিষয়ে শাহপরাণ থানার মামলা হয়েছে।