সিলেটের জৈন্তাপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুক্কুর, জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম সোহেল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হারুন অর রশীদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ ইলিয়াস, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, নাজমুল হক ইয়াজুল ও মুহিব আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি বীরশ্রেষ্ঠসহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
পরে জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।