বালাগঞ্জের গহরপুর বড়জমাত শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো মুসল্লি এক কাতারে শামিল হয়ে ঈদের নামাজ আদায় করেন।
গহরপুরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নামাজে ইমামতি, খুতবা পাঠ ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া গহরপুর, সিলেটের মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল কাইয়ুম (হাজীপুরী)।
নামাজের পূর্বে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তৃতা করেন গহরপুর বড়জমাত শাহী ঈদগাহ কমিটির সভাপতি ও সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী খালেদ আহমদ। তিনি ঈদগাহের বর্তমান অবস্থা তুলে ধরে এর সংস্কার ও উন্নয়ন কাজের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঈদগাহের সৌন্দর্য বৃদ্ধি ও মুসল্লিদের সুবিধার্থে দেশ-বিদেশে অবস্থানরত বিত্তবান ব্যক্তি ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি সকল জীবিত ও মৃত মানুষের মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া প্রার্থনা করেন।
নামাজ শেষে খুতবা পাঠের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বশান্তি কামনা করা হয়। বিশেষ করে এলাকার মানুষের কল্যাণ এবং মৃতদের জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া করা হয়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ছোট-বড় সবার পদচারণায় মুখরিত হয়ে ওঠে শাহী ঈদগাহ ময়দান। সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে মুসল্লিরা জায়নামাজ হাতে ঈদগাহে সমবেত হন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সৃষ্টি হয় এক সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্ববোধের পরিবেশ।