কানাইঘাটে পুলিশের অভিযানে ৬ বস্তা ভারতীয় শেখ নাসির বিড়ি সহ ২জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে কানাইঘাট থানা পুলিশ এক প্রেসরিলিজে জানিয়েছে যে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় থানার এসআই দুর্গা কুমার দেব ও শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার নয়াতালুকস্থ গাজী বুরহান উদ্দিন সড়কে অভিযান চালিয়ে একটি সিএনজি ভর্তি ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি আটক করেন। মোট ৬টি বস্তায় ২লাখ ৫২হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি আটকের পর পুলিশ তা জব্দ করেছে।
এছাড়াও প্রেসরিলিজে জানানো হয়েছে যে, অভিযানের সময় কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালীনগর গ্রামের আব্দুল খালিকের পুত্র রায়হান উদ্দিন ও সোনারতনপুঞ্জি গ্রামের আব্দুল আহাদের পুত্র রামিম আহমদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এ দুজন মুলত চোরাকারবারি, শেখ নাসিরুদ্দিন বিড়ি সহ তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়।
জব্দকৃত বিড়ি ও সিএনজি গাড়ী সহ গ্রেফতারকৃত দুইজনকে আসামী করে পুলিশ বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেছে। আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃত এ দুজনকে আদালতে প্রেরণ করা হয়।