পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসানের বরাদ্ধকৃত প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ও অনুদানের নগদ অর্থ কানাইঘাটে বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী এবং নগদ অর্থ উপকারভোগীদের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এবং উপজেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।
বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল ৩৫০ পিস শাড়ি, ৫০ পিস ত্রিপিস, ৫০ পিস হাজী রুমাল। এছাড়া আড়াই শতাধিক অসহায় ও গরীব পরিবারের মধ্যে জনপ্রতি আড়াই হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হয়।
নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং গরীবের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণের মাধ্যমে গরীব মানুষ ঈদ সুষ্ঠুভাবে উদযাপন করতে পারবে।”
তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য প্রচার করেছিল যে, শুধুমাত্র বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের এলাকায় এসব উপহার বিতরণ হচ্ছে। তবে প্রকৃতপক্ষে দেশের ৩’শ আসনে সুষ্ঠুভাবে এসব উপহার ও সহায়তা বিতরণ করা হচ্ছে।