সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর বড়জমাত জামে মসজিদে মক্তবভিত্তিক ক্বিরাত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে গহরপুর বড়জমাত যুব সমাজের উদ্যোগে এবং প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি ও বড়জমাত পঞ্চায়েত কমিটির সভাপতি খালেদ আহমদ।
ক্বিরাত প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের চারটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ মোট ১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের সান্ত্বনা পুরস্কার এবং অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন বড়জমাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ সামছুদ্দীন আহমদ এবং পঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা মনসুর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী তোফায়েল আহমেদ সোহেল, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, অ্যাডভোকেট ময়নুল ইসলাম, শিক্ষক মো. রুহুল আমিন, স্পেন প্রবাসী আব্দুস শহীদ, ইতালি প্রবাসী মিজানুর রহমান, পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মো. মতাহির আলী, সাধারণ সম্পাদক মাওলানা আজমান আলী মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সদস্যরা।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের কুরআন তিলাওয়াতের শুদ্ধ উচ্চারণ ও ক্বিরাত শিক্ষার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।