রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান। রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর বাড়ি ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে তিনি দলীয়ভাবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ (মহাজোট) মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক–এর কাছে তিনি ১ লাখ ৩১ হাজার ৬৮৬ ভোটের ব্যবধানে পরাজিত হন। ওই নির্বাচনে মুহিবুর রহমান মানিকের প্রাপ্ত ভোট ছিল ২ লাখ ২১ হাজার ৩২৮ এবং মিজানুর রহমান চৌধুরী পেয়েছিলেন ৮৯ হাজার ৬৪২ ভোট। নির্বাচনের ফলাফল নিয়ে তিনি তখন ভোট কারচুপির অভিযোগও তুলেছিলেন।

সাম্প্রতিক নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ওই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।

প্রসঙ্গত, রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

এই সম্পর্কিত আরো