হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদী থেকে নিখোঁজ হওয়া এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের কোর্টবাড়ী এলাকার বালু উত্তোলন স্পট সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা গরু ব্যবসায়ী আঃ জলিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় গরু নিয়ে নদী পারাপারের সময় খোয়াই নদীতে নিখোঁজ হন আঃ জলিল। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধারের জন্য ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় প্রশাসন শুক্রবার (১৩ মার্চ) দিনভর যৌথভাবে উদ্ধার অভিযান চালালেও জলিলের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শনিবার দুপুরে খোয়াই নদীর একপাশে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন।
পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারকৃত মরদেহটি নিখোঁজ গরু ব্যবসায়ী আঃ জলিলের বলে শনাক্ত করা হয়।
জানা গেছে, নিহত জলিল মিয়া প্রতি সোম ও বৃহস্পতিবার আমুরোড গরুর বাজারে গরু আনা-নেয়ার কাজ করতেন। গত বৃহস্পতিবার অবিক্রিত গরু নিয়ে বাড়ি ফেরার পথে বনগাঁও আশ্রয়ণ প্রকল্পের পাশ দিয়ে প্রবাহিত খোয়াই নদী পার হতে নামেন তিনি। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও জলিল নদীতে ডুবে যান।
এ ঘটনায় নিহতের পরিবারে আহাজারি ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।