সুনামগঞ্জের জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় সাচনা বাজারস্থ আল-ভান্ডারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ কামাল হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক ক্বারী মাহদী আল হাসান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী আকবর, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা মফিজুর রহমান আলাল, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি হাফেজ মাওলানা মহিবুল হক এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মো. ইকবাল হোসেন।
বক্তারা বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের নানা উপায়ে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে তৌহিদি জনতা বেঁচে থাকা পর্যন্ত ইসলামের আদর্শ ধ্বংস করা সম্ভব নয়। তারা দেশে ইসলামী শরিয়াভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।