সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
রবিবার (১ মার্চ) বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র সময় সোমবার বাদ যোহর পার্কচেস্টার জামে মসজিদ এ জানাজা নামাজ শেষে লরেল গ্রোভ সেমেটারি তে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
জানা যায়, তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এ মেয়ের বাসায় বসবাস করতেন। শুক্রবার সেহরির পর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রবিবার তিনি মারা যান।
তাঁর মৃত্যুর খবর নিজ এলাকা কানাইঘাট এ ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় কানাইঘাটের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
জানা যায়, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে তিনি কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি সৌদি আরব এ পবিত্র উমরা পালন করেন।
আব্দুল মুমিন চৌধুরী দীর্ঘদিন কুয়েত ও কাতার এ অবস্থান করেন। নব্বইয়ের দশকে কুয়েতে অবস্থানকালে কানাইঘাটসহ সিলেট অঞ্চলের বহু মানুষকে কর্মসংস্থানের জন্য ভিসা দিয়ে সহযোগিতা করেন। তিনি কুয়েতে প্রবাসী কমিউনিটির নেতৃত্ব দেন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত এর সভাপতির দায়িত্ব পালন করেন।
এলাকায় একজন দানশীল ও সমাজসেবক হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি ছিল। জীবদ্দশায় কানাইঘাটের শত শত মসজিদ ও মাদ্রাসায় ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করেছেন। এছাড়া তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন সবসময়।
রাজনৈতিক জীবনেও তিনি সিলেট জেলা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এর সদস্য এবং বাংলাদেশ কৃষক লীগ মহানগর শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।