সুনামগঞ্জের ছাতক উপজেলায় মসজিদের আর্থিক হিসাব-নিকাশ ও পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফজল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী নোয়াকুট গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফজল মিয়া ওই গ্রামের সুনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াকুট গ্রামের জামে মসজিদের টাকার হিসাব ও নতুন পরিচালনা কমিটি গঠন নিয়ে গ্রামবাসীর দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
শনিবার সকালে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ফজল মিয়া গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, মসজিদের কমিটি ও হিসাব নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।