অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে বসুন্ধরা শুভসংঘ কুলাউড়ার উদ্যোগে ১৫ জন নারীর মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অসহায় ও স্বল্পআয়ের নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
সেলাই মেশিন বিতরণ উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘ কুলাউড়ার সভাপতি আবুল কাসেম উসমানী এবং সঞ্চালনা করেন দৈনিক কালের কণ্ঠ-এর কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও লেখক, কালের কণ্ঠের সাবেক সম্পাদক ইমদাদুল হক মিলন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা, উপজেলা কৃষি অফিসার জসীম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, শুভসংঘের উপদেষ্টা ড. রজত কান্তি ভট্টাচার্য, লন্ডন প্রবাসী নজরুল ইসলাম খান, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা আনন্দ প্রকাশ করেন এবং জানান, এই সহায়তা তাদের পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।