কোম্পানীগঞ্জের পাড়ুয়া আলুগাঠ এলাকায় সড়ক নিরাপত্তা ও বালু-পাথর লুটপাট রোধে লোহার বেষ্টনী পুনঃস্থাপন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি পূর্বে স্থাপিত বেষ্টনী হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর সড়ক দিয়ে ভারী যানবাহনের চলাচল শুরু হয় এবং বালু-পাথর লুটপাট বেড়ে যায়, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল।
দৈনিক সবুজ সিলেট-এ ‘শাহ আরেফিনে সিন্ডিকেটের শক্তি কতটা?’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর ২৩ ফেব্রুয়ারি রাতে পাড়ুয়া বাজারের সামনে নতুন করে লোহার বেষ্টনী বসানো হয়।
স্থানীয় জনপ্রতিনিধি লিটন আহমেদ বলেন, আগের বেষ্টনী উধাও হওয়ার পর আমরা উপজেলা ইউএনও’র সঙ্গে যোগাযোগ করি। ইউএনও’র তৎপরতায় নতুন বেষ্টনী স্থাপন করা সম্ভব হয়েছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন বেষ্টনী থাকায় ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ হবে এবং সড়কটি নিরাপদ থাকবে। একই সঙ্গে তারা বেষ্টনীটির স্থায়ী রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কামনা করেছেন।