খাদ্যে ভেজাল, বিষাক্ত রং ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে একটি রেস্টুরেন্ট ও এক সবজি বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের কাঁচাবাজার, মাংসের দোকান ও ইফতার সামগ্রী বিক্রির বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মূল্য তালিকায় অতিরিক্ত দাম উল্লেখ ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে পাইকারি সবজি বিক্রেতা ‘আজিজুল ট্রেডার্স’-কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিষাক্ত রং মিশ্রিত খাবার রান্না ও অপরিচ্ছন্ন পরিবেশে গ্রাহকদের খাবার পরিবেশনের অভিযোগে ‘ভোজবাড়ি রেস্টুরেন্ট’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ সাংবাদিকদের বলেন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কাঁচাবাজারে ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে সবজি বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়েছে এবং মূল্য তালিকা সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মোরগ ও গরুর মাংসের দোকানে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত দামে বিক্রি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে কি না তা তদারকি করা হয়েছে। পাশাপাশি ইফতার সামগ্রী বিক্রির দোকানগুলোতেও নজরদারি চালানো হয়। কিছু অসঙ্গতি পাওয়ায় সংশ্লিষ্টদের আর্থিক জরিমানা ও সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।