সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে বিশ্বমানের ও সুসংগঠিত করতে সিসিক এবং বিসিবি সমন্বিতভাবে কাজ করবে। সিলেটের তরুণ সমাজকে মাঠমুখী করতে এবং নতুন মেধা অন্বেষণে তৃণমূল পর্যায় থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (২০ জুলাই) বিকেল ৫টায় নগর ভবনে বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ায় বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিসিবিতে সিলেটের প্রতিনিধিত্ব করা আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি অনেক বড় দায়িত্ব। সিলেটের খেলার মাঠগুলোর উন্নয়ন এবং ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার প্রসারে আমরা বদ্ধপরিকর। ক্রীড়াপ্রেমী মানুষ ও সংগঠনগুলোর সহযোগিতা পেলে আন্তর্জাতিক অঙ্গনে সিলেটের সুনাম আরও বৃদ্ধি করা সম্ভব হবে।
জেলা দলের সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক রেজাউল করিম নাচন-এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাব সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার হাজী মিলাদ আহমদ, সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার আলী ওয়াসিকুজ্জামান অণি, সাবেক আম্পায়ার ও বিসিবি কাউন্সিলর আশরাফ আরমান, জাতীয়তাবাদী ক্রীড়াদল সিলেটের সদস্য সচিব ও বিসিবি কাউন্সিলর ইমতিয়াজ হোসেন পান্না এবং ডিএফএ-এর ট্রেজারার রুবেল আহমদ নান্নু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগর শাখার সভাপতি মামুন আহমদ, সাধারণ সম্পাদক একরাম আহমেদ, জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাছুম আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, যুবদল নেতা মির্জা শাহরিয়ার জালালী কাইজার, ইবনে জাহান তানভীর প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয়তাবাদী ক্রীড়াদল সিলেট জেলা শাখা, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা, সিলেট ডিজেবিলিটি স্পোর্টস ফাউন্ডেশন, সিলেট সুরমা ক্রিকেট একাডেমি, রাগীব রাবেয়া স্পোর্টস একাডেমি, সিলেট জেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতি এবং ট্রিপল ক্রিকেটার্স এসোসিয়েশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় সিলেটের শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ ও সংগঠকগণ উপস্থিত ছিলেন।