সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন। রোববার দুপুরে বিয়ানীবাজার পৌর শহরের ফতেহপুর কবরস্থানে তিনি তুরাবের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন। পরে তিনি সাংবাদিক তুরাবের বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।
এ সময় এমপি এমরান আহমদ চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, সাংবাদিক এটিএম তুরাব হত্যাকাণ্ডের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে। এ ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
দোয়া মাহফিলে তুরাবের বড় ভাই বলেন, হত্যাকাণ্ডের দুই বছর পেরিয়ে গেলেও এখনো বিচারকাজ সন্তোষজনকভাবে এগোয়নি। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমার ৯৮ বছর বয়সী বৃদ্ধা মা যেন মৃত্যুর আগে তার সন্তানের হত্যার সুষ্ঠু বিচার দেখে যেতে পারেন।’
কবর জিয়ারত ও দোয়া মাহফিলে জেলা ও উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, বিয়ানীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সিলেটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত বক্তারা সাংবাদিক এটিএম তুরাব হত্যার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করার দাবি জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব নিহত হন। তার মৃত্যু দেশজুড়ে সাংবাদিক সমাজের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করে।