বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে সীমান্ত অপরাধ প্রতিরোধে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মানবপাচার, পুশইন (অবৈধ অনুপ্রবেশ), মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়। সভা সঞ্চালনা করেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর বিওপির কমান্ডার সিকান্দার আলী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেটের পরিদর্শক চান মিয়া।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্য, জৈন্তাপুর প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।

সভায় ছয়টি ইউনিয়নের প্রতিনিধিরা নিজ নিজ এলাকার মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালানের বর্তমান পরিস্থিতি তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।

আলোচনায় বক্তারা বলেন, সীমান্ত এলাকায় মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়। এ ক্ষেত্রে প্রশাসন, বিজিবি, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।

তারা সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, জনসচেতনতা সৃষ্টি এবং সন্দেহজনক যেকোনো তথ্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, আগামী শুক্রবার উপজেলার প্রতিটি মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালানের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার জন্য ইমাম, পুরোহিত ও ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সভায় উপস্থিত সাংবাদিকরা সীমান্ত অপরাধ প্রতিরোধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ, জনমত গঠন এবং সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায় বলেন, সীমান্তবর্তী জৈন্তাপুরকে মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালানমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সমন্বিত উদ্যোগ, তথ্যভিত্তিক নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম, ধর্মীয় নেতা ও স্থানীয় জনগণকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভা শেষে মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সম্পর্কিত আরো