আবদুল মতিন মেমোরিয়াল ট্রাস্ট দরগাপাশা ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্যপ্রবাসী মহি উদ্দিন মহিমের আর্থিক সহযোগিতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বুড়ুমপুর গ্রামে নির্মিত হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে মসজিদটির উদ্বোধন শেষে সেখানে মুসল্লিরা প্রথমবারের মতো জামাতে নামাজ আদায় করেন। উদ্বোধনকে ঘিরে এলাকায় ধর্মীয় ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
নবনির্মিত জামে মসজিদের মুতাওয়াল্লি সুন্দর আলী বলেন, “আবদুল মতিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মহি উদ্দিন মহিম একজন ধর্মপ্রাণ, পরোপকারী ও সমাজসেবী মানুষ। তিনি তাঁর প্রয়াত পিতা আবদুল মতিনের নামে প্রতিষ্ঠিত ট্রাস্টের মাধ্যমে বুড়ুমপুর গ্রামসহ দরগাপাশা ইউনিয়নের অসহায়-দরিদ্র মানুষ, মসজিদ, মাদরাসা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে নীরবে অবদান রেখে চলেছেন।”
তিনি আরও বলেন, “মহি উদ্দিন মহিমের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি জামে মসজিদ নির্মাণ করা। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের ফলে বুড়ুমপুর পশ্চিমপাড়া ও বাগানবাড়ি এলাকার মানুষ এখন নিজ এলাকায় সহজেই জামাতে নামাজ আদায়ের সুযোগ পাবেন। এজন্য আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ যেন এই মসজিদকে কবুল করেন এবং মহি উদ্দিন মহিমকে সুস্থতা, দীর্ঘায়ু ও উত্তম প্রতিদান দান করেন।”
স্থানীয়রা জানান, নতুন মসজিদটি নির্মিত হওয়ায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হয়েছে। তারা আশা করছেন, এটি শুধু ইবাদতের স্থানই নয়, বরং ধর্মীয় শিক্ষা ও সামাজিক সম্প্রীতিরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।