গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস দেখাবেন না—সরকারের উদ্দেশে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এমন হুঁশিয়ারি দেন ডাকসু ভিপি।
পোস্টে ভিপি লেখেন— প্রায় ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পরও এই জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে। এটি স্পষ্টত জাতির সঙ্গে তামাশা ও প্রতারণা।
‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ কোনো রকম টালবাহানা ছাড়াই পাস করতে হবে।’ উল্লেখ করেন সাদিক কায়েম।
সরকারকে সতর্ক করে ডাকসু ভিপি বলেছেন, জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করে, তাদের আকাঙ্ক্ষা ও রায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দুঃসাহস দেখাবেন না।
এর আগে সদ্যসমাপ্ত গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে, সেটির কার্যকারিতা শেষ হওয়ায় এটি বিল আকারে সংসদে পাস করার প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার রাতে সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিশেষ কমিটির বৈঠক সম্পর্কে সালাহউদ্দিন আহমদ জানান, ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনায় অনেকগুলো যেভাবে আছে, সেভাবেই পাস করার সিদ্ধান্ত হয়েছে। কিছু অধ্যাদেশ সংশোধিত আকারে বিল হিসেবে আনা হবে। আগামী ২ এপ্রিল বিশেষ কমিটির রিপোর্ট সংসদে উত্থাপন করা হবে বলেও জানান তিনি।