দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। যেখানে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সব শিশুকে টিকার আওতায় আনা হবে।
শনিবার (৪ এপ্রিল) সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান।
জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত প্রতিরোধ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও যশোরসহ মোট ১৮টি জেলার যেসব উপজেলায় সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেগুলোকে এই বিশেষ কর্মসূচির আওতায় আনা হয়েছে।
এই কার্যক্রমে নির্ধারিত বয়সসীমার সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি শিশুদের ভিটামিন এ ক্যাপসুলও প্রদান করা হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, কেবল অসুস্থ শিশুরাই ভিটামিন এ ক্যাপসুল পাবে।
টিকাদান নিয়ে অভিভাবকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা আগে নিয়মিত কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছে, তারাও এই বিশেষ কর্মসূচিতে অংশ নিতে পারবে। একাধিকবার টিকা নিলেও এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা স্বাস্থ্যঝুঁকি নেই বলেও তিনি আশ্বস্ত করেন।