মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এর নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করা হয়।
পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল রাজধানীর জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা।
এছাড়া শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউট্যাব জবি শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক নাছির আহমাদ, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়।