সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে টাকা-পয়সা ও বিভিন্ন সামগ্রীর সঙ্গে পাওয়া গেছে এক নারীর লেখা একটি চিঠি। চিঠিতে নিজের স্বামীর জন্য হেদায়েত চেয়েছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ ও সামগ্রী গণনার সময় চিঠিটি পাওয়া যায়।
চিঠিতে লেখা হয়েছে, ‘আসসালামু আলাইকুম। আমার স্বামী কাজ কাম করতে চায় না। আল্লাহ যেন ওনাকে হেদায়েত দান করেন।’
চিঠিটির শেষে নাম হিসেবে লেখা রয়েছে ‘হালিমা জান্নাত সুমি’।
চিঠিতে স্বামীর নাম বা ঠিকানা উল্লেখ করা হয়নি। এটি কবে লেখা হয়েছে কিংবা কখন দানবাক্সে রাখা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
চলতি বছরে এ নিয়ে চতুর্থবারের মতো মাজারের দানবাক্স খোলা হয়েছে। মাজার পরিচালনা কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বিষয়টি নিশ্চিত করেছেন।
মাজার পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, দানবাক্সে জমা হওয়া অর্থ ও সামগ্রীর হিসাব সংরক্ষণ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্দিষ্ট সময় পরপর দানবাক্স খোলা হয়। এবারও দানবাক্স খোলার বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।
সবশেষ গত ১৫ আগস্ট দানবাক্স ও মানতের বাক্স খোলা হয়েছিল। সেদিন গণনা শেষে পাওয়া যায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। এর সঙ্গে বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রুপার সামগ্রীও পাওয়া যায়।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দানবাক্স খোলার বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। গণনা শেষে পাওয়া নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য সামগ্রীর হিসাব করা হবে। মাজারের তহবিলে জমা হওয়া অর্থ প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হচ্ছে।